ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপে সিরাজগঞ্জ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে শুক্রবার (২৭ মার্চ) ভোর থেকে দীর্ঘ যানজট দেখা দেয়, যা কয়েক ঘণ্টা স্থায়ী হয়ে যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের সয়দাবাদ, মুলিবাড়ি চেকপোস্ট ও কড্ডার মোড় এলাকায় যানজটের সূত্রপাত হয়। পরবর্তীতে তা দ্রুত বিস্তার লাভ করে আশপাশের বিভিন্ন সড়কেও ছড়িয়ে পড়ে।
যানজটের অন্যতম কারণ হিসেবে টাঙ্গাইল অংশে একটি সড়ক দুর্ঘটনাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। ওই দুর্ঘটনার কারণে যমুনা সেতুর পূর্ব প্রান্তে যান চলাচল ব্যাহত হয়। এর সরাসরি প্রভাব পড়ে সেতুর পশ্চিম অংশে, ফলে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
ঢাকাগামী যাত্রী রফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টার দিকে তাড়াশ থেকে রওনা দিলেও যমুনা সেতু পার হতে তার প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে। সাধারণ সময়ে যেখানে এই পথ অতিক্রম করতে অনেক কম সময় লাগে।
যমুনা সেতু পশ্চিম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সেলিম রেজা বলেন, “ভোর থেকেই যানজট শুরু হয়। পূর্ব পাশে দুর্ঘটনার কারণে যান চলাচল ধীর হয়ে পড়ে, ফলে পশ্চিম অংশে চাপ তৈরি হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।”
অন্যদিকে, হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ কিছুটা কমেছে এবং বর্তমানে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, ঈদ পরবর্তী সময়ে একযোগে মানুষের কর্মস্থলে ফেরা এবং সড়ক দুর্ঘটনার মতো আকস্মিক ঘটনার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ভোগান্তি এড়াতে বিকল্প সড়ক ব্যবস্থাপনা, যানবাহন নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন তারা।