মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে লংগদু উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা শাখা আয়োজিত উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ লংগদু উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন।
উপজেলা জামায়াতের সেক্রেটারি তাজ মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ও লংগদু সদর ইউনিয়ন আমীর মোঃ আব্দুল জব্বার, বায়তুল মাল সম্পাদক ওছমান গণি, শ্রমিক কল্যাণ ফেডারেশন লংগদু উপজেলা সভাপতি মোঃ মঞ্জুরুল হক, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবুবকর ছিদ্দিক প্রমূখ ।
বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। ১৯৭১ সালে ২৬ মার্চ বঙ্গবন্ধুর নির্দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্রগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র হতে স্বাধীনতা ঘোষনা করেছিলেন। তাঁর এই স্বাধীনতার ঘোষনার মাধ্যমে দেশের আপামর জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। সকল বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে ও তাদের অসীম সাহসিকতার লড়াইয়ের সামনে পাকিস্তানি স্বৈরাচার বাহিনী পরাজয় স্বীকার করতে বাধ্য হয়। তাদের এই ত্যাগের মাধ্যমেই আমরা একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে লাল সবুজের পতাকা নিয়ে বিজয়ের স্বাদ গ্রহন করেছি।
শেষে মহান স্বাধীনতা সংগ্রামে সকল বীর শহীদের এবং২৪এর ছাত্র জনতার জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।