ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালী সংলগ্ন যমুনা নদীতে মাছ ধরার সময় এক জেলের জালে উঠে এসেছে আনুমানিক ১২ বছর বয়সী এক অজ্ঞাত পরিচয় শিশুর মরদেহ। বুধবার (২৫ মার্চ) দুপুরে চৌহালী উপজেলার সীমান্তবর্তী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাইকুশা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো জেলেরা যমুনা নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন। দুপুরের দিকে হঠাৎ এক জেলের জালে ভারী কিছু আটকে যাওয়ার অনুভূত হয়। জাল টেনে তীরের কাছে আনতেই মাছের বদলে ভেসে ওঠে এক শিশুর নিথর দেহ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং স্থানীয়রা ভিড় জমায়। জেলেরা তাৎক্ষণিকভাবে মরদেহটি উদ্ধার করে নদীর তীরে নিরাপদ স্থানে রাখেন এবং পুলিশে খবর দেন।
খবর পেয়ে চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) প্রবীর ভট্টাচার্য জানান,
"প্রাথমিকভাবে শিশুটির নাম বা পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে উজান থেকে মরদেহটি স্রোতে ভেসে এখানে এসেছে। যেহেতু মরদেহটি টাঙ্গাইল জেলার নাগরপুর সীমানায় পাওয়া গেছে, তাই আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।"
পুলিশ আরও জানায়, শিশুটির পরিচয় শনাক্তের জন্য আশেপাশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে। কোনো পরিবার থেকে নিখোঁজ সংবাদ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।