রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া গ্রামে বিবাহ অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন এবং প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। আহতরা হলেন বুরাপাড়া গ্রামের সাগর আলীর স্ত্রী আফরোজা খাতুন (৩৮) এবং একই গ্রামের ফয়েজ আলীর ছেলে সবুজ আলী (২৮)। তারা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বুরাপাড়ার হুমায়ূনের ছেলে মানিকের বিবাহ অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় কয়েকটি ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে রাজ্জাকের ছেলে শফিকুলের দোকানে হামলা চালিয়ে ফ্রিজ ও টেলিভিশন ভাঙচুর এবং মালামাল লুটপাট করা হয় বলে অভিযোগ উঠেছে। এছাড়াও সাগর আলীর ছেলে শাকিলের মোটরসাইকেল ও তামাকের ঘর ভাঙচুর করা হয়েছে। ভুক্তভোগী শাকিল অভিযোগ করে বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে স্থানীয় জামায়াতের কিছু লোক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। তিনি দাবি করেন, ইউনিয়ন জামায়াতের বায়তুলমাল সম্পাদক আসাদুল হক আশা ও মিলন কাজীর নেতৃত্বে এই হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এদিকে স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মাসুম রনি অভিযোগ করে বলেন, বক্স বাজানোকে ইস্যু করে জামায়াতের নেতাকর্মীরা বিএনপি সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানান। তবে অভিযোগ অস্বীকার করে আমলা ইউনিয়ন জামায়াতের আমীর নাসিম রেজা মুকুল বলেন, ঘটনাটি সম্পূর্ণ পারিবারিক বিরোধের জেরে ঘটেছে। এটি রাজনৈতিক কোনো বিষয় নয়। তিনি দাবি করেন, জাসদ থেকে বিএনপিতে যোগদানকারী কিছু ব্যক্তি ঘটনাটিকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছেন। এ বিষয়ে মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, বুরাপাড়া এলাকায় উত্তেজনার কথা শুনেছি তবে কোন পক্ষ থেকে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।