রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারা মোকারিমপুর ইউনিয়নের গোপিনাথপুর সেন্টার মসজিদ মোড় ডাকাতির প্রস্তুতিকালে ওয়ান শুটারগান, চাপাতি, প্রাইভেটকার ও মাদক সহ তিনজন ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। আটক ডাকাত সদস্য হলেন ভেড়ামারা গোলাপনগর কদমতলার সাজেদুল হক সান্টুর ছেলে সিয়াম সরদার (২৪), নাটোর লালপুর থানা চন্ডিগাছার সরোয়ার হোসেন কালামের ছেলে সামসুদ্দিন আহমেদ টেলু (২২) এবং ভেড়ামারা ধরমপুরের মৃত খন্দকার শামীমের ছেলে তানভীর আলম হিমেল (২৯)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলামের নেতৃত্বে রোববার দিবাগত রাত আড়াইটার সময় ভেড়ামারা থানার রাত্রীকালিন নিয়মিত ডিউটির অংশ হিসেবে এসআই গোবিন্দ মজুমদার সঙ্গীয় ফোর্স মোকারিমপুর ইউনিয়নের গোপিনাথপুর সেন্টার মসজিদ মোড়ে সন্দেহজনক কুচিয়ামোড়া হতে ভেড়ামারা গামী প্রাইভেটকার (ইঞ্জিন নম্বর-৭৮২৯৫৫১, চেচিস নম্বর- ঝঞ১৭০-৪০৮৮৪০২, রেজিঃ নম্বর-ঢাকা মেট্টো-গ-১১-৮৪৭৯৫) গাড়িটি সিগন্যাল দিয়ে থামায় এবং তল্লাশি করে ১ টি দেশীয় লোহার তৈরি ওয়ান শুটার গান, ২ টি কার্তুজ, ১ টি কুড়াল ও হাতুড়ের সম্বলিত মাল্টি টুলস উদ্ধারসহ তিন ডাকাত সদস্যকে আটক করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতির উদ্দেশ্যে তারা যাত্রা করছিল। এ ব্যাপারে ভেড়ামারা থানায় একটি মামলা হয়েছে। ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম জানান, আইন-শৃঙ্খলা রক্ষায় থানা পুলিশ ব্যাপক তৎপর রয়েছে। ঈদ উল ফিতরে যেন রাস্তায় কোন অপরাধ সংগঠিত না হয় যে জন্য ব্যাপক তৎপর ছিল ভেড়ামারা থানা পুলিশ। তারি পরিপেক্ষিতে গোপিনাথপুর সেন্টার মসজিদের কাছে প্রাইভেটকার তল্লাশি করা হয়। কার গাড়িতে অবস্থানরত ছয় জনের মধ্যে তিন জন পালিয়ে যায় এবং বাকি তিন জনকে আটক করতে সক্ষম হয় থানা পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।