আল মামুন মিলন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উত্তরাঞ্চলের ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে রবিবার (২৪ মে) থেকে জয়দেবপুর–পার্বতীপুর–জয়দেবপুর রুটে ঈদ-স্পেশাল ট্রেন চলাচল শুরু হয়েছে। বাংলাদেশ রেলওয়ের এই বিশেষ উদ্যোগে রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে উত্তরাঞ্চলে যাতায়াতকারী যাত্রীরা বাড়তি সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈদের আগে ২৪ মে থেকে ২৬ মে পর্যন্ত এবং ঈদের পরে ২৯ মে থেকে ৩১ মে পর্যন্ত এই রুটে এক জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। জয়দেবপুর থেকে ছেড়ে আসা ট্রেনটির নাম দেওয়া হয়েছে স্পেশাল (৯) এবং পার্বতীপুর থেকে ছেড়ে যাওয়া ফিরতি ট্রেনটির নাম স্পেশাল (১০)।
সূচি অনুযায়ী, ঈদের আগে স্পেশাল (৯) ট্রেনটি প্রতিদিন সন্ধ্যা ৭টায় জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে গভীর রাতে পার্বতীপুর পৌঁছাবে। অপরদিকে ফিরতি স্পেশাল (১০) ট্রেনটি পার্বতীপুর থেকে ছেড়ে দুপুরের মধ্যে জয়দেবপুর পৌঁছাবে।
এদিকে ঈদের পর ট্রেনটির সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। তখন জয়দেবপুর থেকে ট্রেনটি সকাল ৮টা ২৫ মিনিটে ছেড়ে দুপুর ২টা ৫০ মিনিটে পার্বতীপুর পৌঁছাবে। অন্যদিকে পার্বতীপুর থেকে রাত ১০টা ২০ মিনিটে ছেড়ে ভোররাতে জয়দেবপুর পৌঁছাবে ফিরতি ট্রেনটি।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটিতে মোট ৬৭৪টি যাত্রী আসনের ব্যবস্থা রাখা হয়েছে। অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে এবং সড়কপথের ভোগান্তি কমাতে এই বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পার্বতীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল করিম বলেন, “ঈদকে কেন্দ্র করে প্রতিবছরই উত্তরাঞ্চলের মানুষের বাড়ি ফেরা নিয়ে ব্যাপক চাপ সৃষ্টি হয়। এবার যাত্রীদের যাত্রা আরও আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময় করতে ঈদ-স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। এতে যাত্রীরা স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে পারবেন।”
ঈদ সামনে রেখে রেলস্টেশনগুলোতে ইতোমধ্যে যাত্রীদের ভিড় বাড়তে শুরু করেছে। বিশেষ করে দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, সৈয়দপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ এই ট্রেন চলাচলকে স্বাগত জানিয়েছেন। অনেক যাত্রী মনে করছেন, অতিরিক্ত এই ট্রেন সেবা চালুর ফলে টিকিট সংকট ও সড়কপথের যানজট কিছুটা হলেও কমবে।
যাত্রীরা জানান, সড়কপথে দীর্ঘ যানজট ও অতিরিক্ত ভাড়ার কারণে ট্রেন ভ্রমণ এখন সবচেয়ে নিরাপদ ও আরামদায়ক মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে। তাই ঈদ-স্পেশাল ট্রেন চালুর খবর তাদের মাঝে স্বস্তি এনে দিয়েছে।